Bengali Poetry (Translated)

তোমার বুকপকেটের ছাই



: নিজের সবচেয়ে কাছের মানুষটাকে জড়িয়ে ধরে কাঁদতে পারলে ভীষণ হালকা লাগত!
: কাছের মানুষ কাকে বলে, বলো তো তুমি?
: যাকে ভালোবাসি, তাকে আপন ভাবতে ক্ষতি কী?
: হা হা... আরে বোকা, এ ফিকে রঙের জগতে কেউ কারও আপন মানুষ হয় না।
: আর ভালোবাসার কথা বলছ? যাকে ভালোবাসার অভিশাপে মৃত স্মৃতিরা দগ্ধ, তার কাছে তোমার ভালোবাসা আদৌ কি কোনো প্রাধান্য পায়?
এমনও তো হতে পারে, সে কখনোই তোমায় ভালোবাসতে পারেনি। কেন মিথ্যে প্রত্যাশার ভার বাড়িয়ে নিতে চাও, বুঝি না!

: ভালোবাসি তো! তাই হয়তো হারানোর ভয়টাই বাড়ছে, সময়ে সময়ে ব্যথা হয়ে!
: ভালোবাসো? কিন্তু ভালোবাসার প্রতিদানে যে ভালোবাসা পাওয়া না-ও যেতে পারে—এটা মেনে নিয়েছ কি তবে?
: আমি বিশ্বাস করি, তার অনুভবে কোথাও-না-কোথাও আমার স্পর্শ রয়ে গেছে। এটা ভাবতে ভালো লাগে। এই ভেবেই তো বেঁচে ছিলাম অনেকটা সময়।
: তবে আজ কেন নিজেকে ভুলে থাকতে চাইছ?
: কারণ আমার ভেতরটা জুড়ে শুধু আমিই নেই—আমার ঘরের প্রতিটা কোণেই ওর বসবাস। বুকটা বড়ো অগোছালো, তাকে আর কতদিন ধরে রাখব? আমার তো সেই সামর্থ্য নেই আর।
: হয়তো এবার ছুটি নেবার সময় এসে গেছে।

সত্যি বলছি, ওর অনুভব ছাড়া বাঁচাটা অসম্ভব এক যন্ত্রণা। জানো তো, ভালোবাসতে শুধু যন্ত্রণা আর আবেগই লাগে!
এই এতগুলো সময়, তার অনুভবে কাটানো মুহূর্তগুলো আমায় একাকী বাঁচিয়ে রেখেছে। সেটাই-বা কম কীসে?
আমি একেবারেই তুচ্ছ একজন মানুষ, ভুল কল্পনায় নিজেকে ধরে রাখতেও আজকাল ভয় লাগে, বড়ো বেমানান মনে হয়।
জানি, আমি চলে গেলে সে কখনও আমায় খুঁজবে না। তবু—

: তবু?
তবুও, যদি কোনো একদিন ভুল করে আমায় মনে পড়ে যায়—ডেকে নিয়ো আমায় চেনা অনুতাপে। ফিরে তাকাতে কখনও ভুলব না, কথা দিলাম।
: তোমাকে এভাবে কষ্ট পেতে আগে দেখিনি!
: দেখবে কীভাবে? আমি তো আগে কাউকে এতটা ভালোবাসিনি! কষ্ট না পেলে ভালোবাসার তীব্রতা বোঝা যেত না।
এই কষ্টই আমাকে নিজেকে আরও একটু বেশি ভালোবাসতে শেখাবে হয়তো—এই দ্বন্দ্বেই বেঁচে থাকব।
তার প্রতি আর কোনো অভিযোগ, অভিমান নেই আমার। বরং, আমি এই পৃথিবীতে সবচেয়ে বেশি কৃতজ্ঞ সেই মানুষটার প্রতিই।
তাকে ফেরানোর কোনো অধিকার আমার নেই, কখনও ছিলও না। তার ভালোবাসা পাবার যোগ্যও আমি নই—একেবারেই নই।
তাকে বলে দিয়ো, আমার অশ্রুর সমস্তটা জুড়ে ওর উদাসীনতার পরিহাস লুকিয়ে আছে।

: তোমার আকস্মিক মৃত্যু যেন তাকে অন্তত একবার ছুঁয়ে যায়। যেন সে খুঁজে নিতে পারে তোমাকে সহস্র বার।
অতঃপর...
তোমার অনুভবের পুড়ে-যাওয়া ছাই থেকে যাবে, তার বুকপকেটের স্থায়ী নীড়ে—যার অপেক্ষায় তুমি কেঁদেছিলে শেষ বার।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *