বাংলা কবিতা

তুমি আমার

 
তুমি আমার কপালজুড়ে ছোট্ট একটা টিপ,
ভালোবেসে তোমার জন্যে জ্বালি মঙ্গলদীপ।


তুমি আমার রোজআকাশে শুভ্রমেঘের ভেলা,
আমার গানের সাতটা সুরে স্বরলিপির খেলা।


তুমি আমার বিকেলশেষের ঘ্রাণ, মাতাল-হাসনাহেনা,
ভালো তো বাসি, কাছেআসার থাকল কী আর মানা?


তুমি আমার দিনযাপনে লেপটেথাকা সুর,
প্রতিশ্বাসেই তোমায় ভেবে ক্লান্তি করি দূর।


তুমি আমার ছোট্টবেলার মেলায়-কেনা পাখি,
তোমার আমার ছায়ার ঘরে কান্না থাকুক বাকি।


তুমি আমার...ঘুমভাঙানোর কড়া-লিকার চা,
পুরো একটা ভাবনাদেয়াল, চিরকুটে লিখি যা।


তুমি আমার...সাগরতীরে মুক্তোফোটা ঝিনুক,
দিঘির ধারে দূরের বাঁশি, মুঠোয় মুঠোয় সুখ।


তুমি আমার রৌদ্র ফুঁড়ে চমকে-ওঠার ঝড়,
তবু তুমিই আমার স্বর, নিজের একটা ঘর।


তুমি আমার শিশিরফাঁদে আটকে-থাকা আলো,
চাওয়া একটাই---ঈশ্বর তোমায় রাখুক ভালো।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *