এখন শুধু ইচ্ছে হয়...আমরা আরও এক যুগ দু-জন মিলে হাজার হাজার গল্প লিখব, অগণিত কবিতা লিখে যাব। আমাদের দূরত্ব, অভিমান, ভালোবাসা, যত্ন—এসবেই মিশে থাকবে লেখার অক্ষরগুলো।
তোমার ক্লান্ত শরীরটা স্পর্শ করব; একসাথে প্রেম, দুঃখ, যন্ত্রণা উপভোগ করব—এগুলোই হবে আমাদের সৃষ্টির রসদ। আমাদের সংগীতের পছন্দেও ভীষণ মিল...ইন্সট্রুমেন্টাল শুনতে শুনতে দু-জন পরস্পরকে জড়িয়ে ধরে রাখব সারাক্ষণ; তুমি কফি বানিয়ে দিতে চাইলে, লাফ দিয়ে উঠে বসব...হুম, চলো! তোমার চোখের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকব—কিছু কবিতার ছন্দ খুঁজে নেব, তোমার সৌন্দর্য উপভোগ করব...তোমার নিস্তব্ধতার ভাষা আমার জানা।
তোমার নিঃশ্বাস আমার বুকের ভেতরে জুড়ে রাখব; তোমার আলিঙ্গনে মনটাকে শান্ত নদীর জলের মতো মিশে যেতে দেবো...অজানা কোনো গন্তব্যে। তোমার তীব্র করুণার কাছে নিজেকে সঁপে দেব—ঠিক তখনই তোমার ঘুম ভেঙে যাবে।
আমি ততদিন বাঁচব তো? হঠাৎ করে এসব কিছু থমকে যাবে না তো? আমরা নিশ্চয়ই পরস্পরকে আঁকড়ে ধরে রাখতে জানি। জানো, আমার কোনো তাড়া নেই, কখনও ছিলও না—কিন্তু এই তুমিটাকে আমি কোথায় পাবো? এরকম যে শুধু একজনই ছিল।
আমার এতই দুর্ভাগ্য, সে-ও আমার খুউব কাছাকাছি থাকতে পারেনি কখনও। অনেক ভেবেছি...শুধু এভাবে করে একজীবন কাটিয়ে দেওয়া যায় না, জানো—এ-ও এক বিশাল গল্প, অন্যদিন বলব।
ছন্দপূর্ব নৈঃশব্দ্য
লেখাটি শেয়ার করুন