এই পৃথিবীর সবাই অনেক ব্যস্ত। এ-ও এক চিরন্তন নিয়ম—মানুষকে উপেক্ষা করা যায়, সময়কে নয়।
এত অস্থির হয়ে যাস কেন? সবসময়ই কি কথা বলতে হবে?—আমি তো আমার মাকেও মাসে এক বার কল করি, এর মানে কি আমি আমার মাকে ভালোবাসি না?—বোঝাতে পারছি না বোধ হয়।
আমি কোনোকালেই এভাবে করে কাউকে সময় দিইনি, এটা আমার স্বভাবের মধ্যেই নেই। তা ছাড়া তুই জানিস, কোলাহল মানুষকে দুর্বল করে ফেলে? আমি চাই, তুই সাহসী হয়ে নিজেকে শক্ত করে আঁকড়ে ধর, এতটাই সাহসী...যতটা তোকে বাঁচিয়ে রাখতে সাহায্য করবে।
আমাকে এত নিজের করে চাইবার কিছু নেই—তোকে তো বলেছি...আমি তোর জন্য আছি, থাকব মৃত্যু অবধি। মনে কোনো সংশয় রাখিস না। ভালোবাসা ছাড়াও মানুষ বাঁচে, কিন্তু স্বপ্ন ছাড়া নয়। আজ হয়তো তুই আমাকে সাথে নিয়ে বাঁচতে চাইছিস, কিন্তু সত্যি বলতে, এই স্বপ্নটুকুই তোকে, আমাদেরকে বাঁচিয়ে রেখেছে।
আমিও ভেঙে পড়ি, তোকে বলি না—তুই এখনও অনেক ছোটো, জীবনের কঠিন ধাপগুলো এখনও পার করিসনি, জীবনটাকে এত হালকাভাবে ছেড়ে দিস না...আমার এই কথাটা শোন।
তোকে খুউব বলতে ইচ্ছে করে—আমি তোকে ভীষণ ভালোবাসি।
কোলাহলের পর
লেখাটি শেয়ার করুন