Bengali Poetry (Translated)

আত্মঘন মৌনবৃষ্টি



হঠাৎই, তোকে হারানোর ভয়ে শরীর-মন—
যেন একসঙ্গে অবশ হয়ে আসছে,
চোখের পাতাগুলো ভারী হয়ে উঠছে।

আমি কাঁদছি না—
তবুও গাল বেয়ে একফোঁটা জল
গড়িয়ে পড়ল ফোনের স্ক্রিনে।

আজকাল মাথাঘোরার রোগটা বেড়েছে।
মনে হয়, যেন এই মুহূর্তেই
মাটিতে লুটিয়ে পড়বে আমার শরীর।

আগে সবসময়ই, কল্পনার জগতে—
ভালোবাসার তীব্র স্পর্শটুকু
খণ্ড খণ্ড করে লিখে পাঠাতাম তোকে।

তবে জানিস?
এখন সত্যিই তোকে অনুভব করতে পারি,
একেবারে বাস্তবে।
মনে হয়, তুই আমার খুব কাছেই আছিস—
একদম পাশে, নিঃশ্বাস ফেলার দূরত্বে।

কেন জানি মনে হচ্ছে—
আমাদের আর কখনও কথা হবে না।
...এমনটা ভাবতেই গা শিউরে উঠল!

তুই কি জানিস,
আমি তোকে আজকাল পুরো সত্যিটাই বলে যাই!
যা লিখছি, তা-ই তো ঘটছে আমার সাথে।

আমি কি তোকে আর কখনও দেখতে পাবো না?
আমার ভীষণ ভয় করছে...
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *