বাংলা কবিতা

অপরাধবোধের জবানবন্দি



তোমাকে আমি কখনোই ছুঁতে পারিনি,
তোমার চরম অনুভূতির সাক্ষী হতে পারিনি;
মাঝরাতে তোমার বুকের গভীরের
হঠাৎ বেড়ে-ওঠা ক্ষতটা
সারিয়ে নিতে আমি পারিনি।

তোমার অতীত আমার জানা নেই;
অনুভূতির প্রকাশ হয় যখন অবচেতনভাবেই,
সেই মুহূর্তটায়—
আমি তোমাকে খুব শক্ত করে...
জড়িয়ে ধরতে পারিনি।

যখন প্রচণ্ড আবেগ তোমায় ঘিরে ধরে,
সেই নিঃসঙ্গ যাপনের সঙ্গী আমি হতে পারিনি।

কষ্ট লুকিয়ে তৎক্ষণাৎ যে-হাসি
তোমার চোখেমুখে লেপটে থাকে,
সেই হাসির মর্ম আমি বুঝিনি।
সত্যিই, আমি তোমায় এখনও চিনতে পারিনি।

তোমার অভিমান জমতে শুরু করলেও
আমি এক বারের জন্যও ফিরে তাকাইনি।
সেদিন তোমার চোখের কোণে
জল জমেছিল ঠিকই,
তবে তার তোয়াক্কা আমি করিনি।
আমি সত্যিই তোমার ভেতরটা দেখতে পাইনি।

হাতটা এমন শক্ত করে ধরেছিলে…
যেমন থাকে নিঃশব্দের দেয়াল ঘেঁষে
শুধুই দীর্ঘশ্বাস।

তোমার ঠোঁটের উষ্ণতায়
একচিলতে হাসি,
চোখের দৃষ্টিতে পুরোনো স্মৃতি—
অসহ্য এক অপরাধবোধে ভোগায়।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *