Bengali Poetry (Translated)

অন্তর্দৃষ্টির আপনজন



বাস্তবতা এটাই—
আমি যখন লিখতে চাই,
যে-মুহূর্তে তোমার অনুভব চাই,
ঠিক তখনই—
আচমকা ব্যথা সংবরণের প্রয়াসে
বুকের ভেতরটা খানিকক্ষণ ছটফট করে ওঠে।

আকস্মিক উন্মত্ততায় তুমি এসে বসো আমার সামনে,
আমার অশ্রুতে ছুঁয়ে দাও তোমার ঠোঁট।

অথচ—
কেউ তোমায় দেখতে পায় না!
কতজন কত কথা শুনিয়ে যায়,
তবু কেউ তোমার উপস্থিতি বিন্দুমাত্র টের পায় না।

তুমি কেন আসো বার বার,
জেনেও যে, বিনিময়ে পাবে না কিছুই?
অদৃশ্য অনুভূতির মতোই
তুমিও কি মিলিয়ে যাবে একদিন?

সময় হয়ে এল!
এ কী!
তুমি এমন নিস্পৃহ হয়ে দাঁড়িয়ে আছ কেন?
তবে কি তুমি যাবে না?

এভাবেই দীর্ঘসময়—
আমার দৃষ্টিজুড়ে
তোমার আনাগোনা বাড়তে থাকলে,
আমি আর নিজের ভেতরে থাকি না।
খোলস পালটে
তোমার পিঞ্জরেই বাস করতে শুরু করি।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *